পাবনা প্রতিনিধি: এক রাতের আগুনে পুড়ে গেছে বসতবাড়ি, আসবাবপত্রসহ জীবনের প্রয়োজনীয় অনেক কিছু। মুহূর্তেই সহায়-সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পাবনা পৌরসভার নূরপুর চারমাথা মোড়ের তিন পরিবারের সদস্যরা। এমন দুর্দিনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতা ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন তিনি। এ সময় তাঁদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস দেন। আকস্মিক এই বিপর্যয়ে অসহায় হয়ে পড়া পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে নূরপুর চারমাথা মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে লোকমান হোসেনের ছেলে জাহিদুল ইসলাম, রমজান আলী ও জাহাঙ্গীর হোসেনের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে পাবনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সিনিয়র স্টেশন অফিসার শফিউল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট পাঠানো হয় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে ডা. আহমেদ মোস্তফা নোমান তাঁদের পুনর্বাসনে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সব হারিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর কঠিন সময়ে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা স্বস্তি নিয়ে এসেছে। স্থানীয়রা মনে করছেন, এমন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সামাজিক ও মানবিক সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন।