পাবনা প্রতিনিধি: পাবনা শহরের সিংগা বাইপাস এলাকায় ড্রাম ট্রাকের চাপায় আবুল কালাম আজাদ (৫০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টার দিকে ঢাকা-পাবনা-রাজশাহী বাইপাস মহাসড়কের সিংগা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আবুল কালাম আজাদ পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গ্রামের মৃত ডা. তোয়াজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়িক কাজ শেষে সিংগা বাজার এলাকা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আজাদ। পথে সিংগা বাইপাস এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। তবে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

Leave a Reply
You must be logged in to post a comment.