পাবনা প্রতিনিধি: পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে পাঁচ মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। রোববার (১৮ অক্টোবর) পাবনা সদর থানার লস্করপুর ও আতাইকুলা থানার বনগ্রাম এলাকার বিভিন্ন মাদক স্পটে এসব অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পাবনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, পাবনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলাম এবং ইশরাত তাসনিম বর্ষার নেতৃত্বে পৃথক অভিযান চালানো হয়। অভিযানে মো. মোসতাক হোসেন (৪৩), মো. জাফর শেখ (৪০), মো. হবিবর (৪০), মো. আব্দুল হাকিম (৫০) ও মো. রফিকুল ইসলাম (৩০) নামের পাঁচজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে চারজন পাবনা সদর এলাকার এবং একজন আতাইকুলা থানার পূর্ব বনগ্রাম এলাকার বাসিন্দা।

অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডিএনসি পাবনার পরিদর্শক তারেক মাহমুদ এবং উপপরিদর্শক মো. জামালুর রহমান ও সোহান ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। পরে আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে ডিএনসি পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, চলতি অক্টোবর মাসে ১৮ তারিখ পর্যন্ত মাদক অপরাধে মোট ৭৪ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।