পাবনা প্রতিনিধি: পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ছাড়া মাদকসেবনের অভিযোগে আরও পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) পাবনা সদর উপজেলার উত্তর শালগাড়িয়া এলাকার খাঁ পাড়ায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে ২০০ গ্রাম গাঁজাসহ মো. জাকির হোসেন (৬৫) নামের এক ব্যক্তিকে আটক করে ডিএনসি। তিনি ওই এলাকার মৃত ছামাদ খন্দকারের ছেলে।
ডিএনসি পাবনা জেলা কার্যালয়ের উপপরিদর্শক সোহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় উপপরিদর্শক সোহান বাদী হয়ে জাকির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাবনা থানায় নিয়মিত মামলা করেছেন।
অন্যদিকে, পাবনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষা এবং ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পৃথক অভিযান চালানো হয়। এসব অভিযানে পাবনা সদর উপজেলার শালগাড়িয়া ও লস্করপুর এবং ঈশ্বরদী উপজেলার রহিমপুর ও ফতে মোহাম্মদপুর এলাকার বিভিন্ন মাদক স্পট থেকে পাঁচজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার উত্তর শালগাড়িয়ার মো. হিরু মোল্লা (৬২), নুরপুরের মো. জুবায়দুল আবেদিন (৪০), খয়ের বাগানের মো. ছাবের (৪০) এবং চাটমোহর উপজেলার ভেংড়ী গ্রামের মো. সোহেল রানা (২৯) ও সাব্বির আহমেদ (২০)।
ডিএনসি পাবনার পরিদর্শক মো. আব্দুর রহিম, পরিদর্শক তারেক মাহমুদ এবং উপপরিদর্শক সোহান ও মোহাম্মদ জামালুর রহমান আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। চলতি অক্টোবর মাসে ১৭ অক্টোবর পর্যন্ত মাদক-সংক্রান্ত অপরাধে মোট ৬৯ জনকে আইনের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply
You must be logged in to post a comment.