পাবনা প্রতিনিধি: ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং জনসচেতনতা বাড়াতে পাবনায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ও পাবনা পৌরসভার সহযোগিতায় পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন স্থানে জমে থাকা পানি, আবর্জনা ও মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার করা হয়। পাশাপাশি মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক খায়রুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে তাবাসসুমসহ জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা দুলাল উদ্দিন, পরিচ্ছন্নতা বিভাগের পরিদর্শক আসাদুজ্জামান, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা ‘নতুন চোখ’-এর প্রকাশক এস এম আলম উপস্থিত ছিলেন। অভিযানে স্কয়ার স্কুল অ্যান্ড কলেজের স্কাউট দলও সহযোগিতা করে।
অভিযানকালে ৮ নম্বর ওয়ার্ডের জামেয়া আশরাফিয়া মাদ্রাসা, মাসুম বাজারসহ বিভিন্ন এলাকায় পরিত্যক্ত পাত্র ও স্থানে জমে থাকা পানি এবং আবর্জনা অপসারণ করা হয়। একই সঙ্গে মশার প্রজননস্থল হিসেবে চিহ্নিত স্থানগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন বা পৌরসভার অভিযান যথেষ্ট নয়। বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার দায়িত্ব নাগরিকদেরও। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা তৈরিতে এগিয়ে আসতে হবে।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক খায়রুল ইসলাম জানান, ডেঙ্গু প্রতিরোধে একই দিনে পাবনার নয়টি উপজেলায় সব পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

Leave a Reply
You must be logged in to post a comment.