পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ মো. সাজ্জাদ উজ্জামান রিন্টু (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টা ৫ মিনিটের দিকে পাবনা সদর থানাধীন দক্ষিণ রাঘবপুর মহল্লার মেসার্স ওসামা ফিলিং স্টেশনের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাজ্জাদ উজ্জামান রিন্টু দক্ষিণ রাঘবপুর (জলিল হাজী রোড) এলাকার মৃত আব্দুর রাজ্জাক পান্নার ছেলে। তার মা মৃত জাহানারা বেগম।
ডিবি পুলিশ জানায়, পাবনা জেলা গোয়েন্দা শাখার জিডি নং-৩০৭, তারিখ ২৭ আগস্ট ২০২৬-এর ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফিলিং স্টেশনের সামনে সন্দেহজনকভাবে অবস্থান করা এক ব্যক্তিকে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করতে দেখা যায়। পরে তাকে ধাওয়া করে আটক করা হয়।
আটকের পর তার দেহ তল্লাশি করে পরিহিত ফুল প্যান্টের ডান পকেটে থাকা একটি সাদা পলিথিনের ভেতর থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই ডিজিটাল নিক্তির মাধ্যমে হেরোইনের ওজন নির্ধারণ করা হয় এবং রাত ১০টা ২০ মিনিটের দিকে সাক্ষীদের উপস্থিতিতে তা জব্দ করা হয়।
ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রির কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(খ) ধারায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পাবনা জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.