নিজস্ব প্রতিবেদক, পাবনা: পাবনা শহরের বড় বাজারে অভিযান চালিয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে পরিচালিত অভিযানে চিনি সংরক্ষণে অনিয়ম, পণ্যের মূল্য ট্যাগ না থাকা এবং কীটনাশক ও সার বিক্রিতে অনিয়মের অভিযোগে এসব জরিমানা করা হয়।
অভিযানে লক্ষ্মী ভান্ডারকে গোডাউনে চিনি সংরক্ষণে অনিয়মের কারণে ৫০ হাজার টাকা, মেসার্স গনি ব্রাদার্সকে পণ্যের সঠিক মূল্য ট্যাগ না থাকায় ৫০ হাজার টাকা এবং মহন ট্রেডার্সকে কীটনাশক ও সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান সংশ্লিষ্টরা জানান, ভোক্তা স্বার্থ সংরক্ষণ ও বাজারে পণ্যের মূল্য ও বিক্রয় কার্যক্রমে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.