নিজস্ব প্রতিবেদক, পাবনা: দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা-পাবনা সরাসরি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চালুর উদ্যোগে উচ্ছ্বসিত পাবনাবাসী। তবে ট্রেনটির সম্ভাব্য নাম ‘সপ্তপদী এক্সপ্রেস’ নিয়ে আপত্তি জানিয়ে এর নাম ‘পাবনা এক্সপ্রেস’ করার দাবিতে সরব হয়ে উঠেছেন জেলার বিভিন্ন সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।
সম্প্রতি বিভিন্ন সংগঠন ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ দাবিতে আলোচনা ও মতামত প্রকাশ করা হচ্ছে। তাদের বক্তব্য, ঢাকা-পাবনা রুটে চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেনের নামের সঙ্গে পাবনার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও আঞ্চলিক পরিচয়ের সরাসরি যোগসূত্র থাকা উচিত।
স্থানীয়দের অনেকের প্রশ্ন, “ঢাকা-পাবনা রুটের ট্রেন, তাহলে নামের সঙ্গে পাবনার পরিচয় থাকবে না কেন?” তাদের মতে, ‘পাবনা এক্সপ্রেস’ নামটি সহজ, স্বতন্ত্র ও জেলার পরিচয় বহনকারী। এতে ট্রেনটির সঙ্গে পাবনাবাসীর আবেগ ও মালিকানাবোধও আরও শক্তিশালী হবে।
‘সপ্তপদী এক্সপ্রেস’ নাম নিয়ে আপত্তির বিষয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে, কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন অভিনীত ‘সপ্তপদী’ চলচ্চিত্রের নাম থেকেই এমন নামকরণের উদ্যোগ নেওয়া হতে পারে। সুচিত্রা সেনের জন্ম ও শৈশবের স্মৃতি পাবনার সঙ্গে যুক্ত হলেও অনেকের দাবি, ব্যক্তিকেন্দ্রিক বা চলচ্চিত্রের নামের পরিবর্তে জেলার নামেই ট্রেনটির পরিচিতি দেওয়া উচিত।
পাবনাবাসীর একাংশের ভাষ্য, সুচিত্রা সেন পাবনার সাংস্কৃতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হলেও তার অভিনীত একটি চলচ্চিত্রের নাম পুরো জেলার ইতিহাস, ঐতিহ্য ও মানুষের সামগ্রিক পরিচয়কে প্রতিনিধিত্ব করে না। তাই নতুন ট্রেনের নামের ক্ষেত্রে পাবনার নিজস্ব পরিচয়কে অগ্রাধিকার দেওয়ার দাবি উঠেছে।
তাদের মতে, ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার ফল। এই ট্রেন চালু হলে রাজধানীর সঙ্গে জেলার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ‘পাবনা এক্সপ্রেস চাই’ দাবিতে বিভিন্ন পোস্ট, মন্তব্য ও আলোচনা দেখা যাচ্ছে। অনেকে মনে করছেন, কোনো জেলার সঙ্গে সরাসরি যুক্ত আন্তঃনগর ট্রেনের নাম সেই জেলার নামে হলে দেশজুড়ে জেলার পরিচিতি ও ব্র্যান্ডিংও আরও শক্তিশালী হয়।
এদিকে নতুন কোচ সংযোজনসহ প্রয়োজনীয় প্রস্তুতি শেষে ঢাকা-পাবনা রুটে সরাসরি আন্তঃনগর ট্রেন চালুর প্রস্তুতি চলছে। জাতীয় পর্যায়ে ট্রেনটি চালুর বিষয়টি আলোচনায় আসার পরই নামকরণ নিয়ে স্থানীয়দের প্রত্যাশাও জোরালো হচ্ছে।
পাবনাবাসীর দাবি, রেল কর্তৃপক্ষ যেন ট্রেনটির নাম চূড়ান্ত করার আগে জেলার মানুষের মতামত ও আবেগকে গুরুত্ব দেয়। তাদের প্রত্যাশা, ‘সপ্তপদী এক্সপ্রেস’ নয়, পাবনার ইতিহাস, ঐতিহ্য ও পরিচয় ধারণ করে নতুন ট্রেনটির নাম দেওয়া হোক ‘পাবনা এক্সপ্রেস’।

Leave a Reply
You must be logged in to post a comment.