নিজস্ব প্রতিবেদক, পাবনা: পাবনায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) পাবনা সদর ও ঈশ্বরদী উপজেলার বিভিন্ন মাদক স্পটে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষা এবং ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, পাবনা সদর উপজেলার রাধানগর ও লস্করপুর এবং ঈশ্বরদী উপজেলার পিয়ারাখালী ও ফতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে মো. তাইয়ব হোসেন (২০), মো. ইমরান আরিফ (৪২), মো. মাহতাব (৪২), মো. ইলিয়াস উদ্দিন (২৪) ও মোছা. মনীষা খাতুন (২২)কে আটক করা হয়।

আটক পাঁচজনের মধ্যে তাইয়ব হোসেনের বাড়ি পাবনা সদর উপজেলার রাধানগরে, ইমরান আরিফের দক্ষিণ রাঘবপুরে। মাহতাবের বাড়ি ঈশ্বরদীর দক্ষিণ রামচন্দ্রপুরে, ইলিয়াস উদ্দিনের পিয়ারাখালীতে এবং মনীষা খাতুনের বাড়ি ফতে মোহাম্মদপুর এলাকায়।

ডিএনসি পাবনার পরিদর্শক তারেক মাহমুদ, উপপরিদর্শক সোহান, উপপরিদর্শক মো. জামালুর রহমান ও উপপরিদর্শক মোহাম্মদ শের আলম আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। পরে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসি পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর। তিনি জানান, চলতি আগস্ট মাসে এ পর্যন্ত মাদক অপরাধের সঙ্গে জড়িত মোট ৮৮ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ডিএনসির এই কর্মকর্তা।