এসএসসিতে শতভাগ সাফল্য অর্জনকারী পাবনা ক্যাডেট কলেজের কৃতি শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকরা
পাবনা প্রতিনিধি: এসএসসি পরীক্ষার ফলাফলে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে পাবনা ক্যাডেট কলেজ। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৫২ জন ক্যাডেট অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। ফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হার দুটিই দাঁড়িয়েছে শতভাগে।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, ৫২ জন শিক্ষার্থীর মধ্যে ৫০ জন পেয়েছে গোল্ডেন জিপিএ-৫। বাকি দুজনও জিপিএ-৫ অর্জন করেছে। কোনো শিক্ষার্থী অকৃতকার্য হয়নি।
এমন ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত পাঠদান, কঠোর শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল মেহেদী হাসান বলেন, এ সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ক্যাডেটদের ভালো ফলাফলে আমরা আনন্দিত ও গর্বিত।
তিনি আরও বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

Leave a Reply
You must be logged in to post a comment.