সম্মেলনে বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সহকারী সিভিল জজ মো. আজহারুল ইসলাম। রবিবার দুপুরে পাবনা বনমালী শিল্পকলা কেন্দ্রে।
পাবনা প্রতিনিধি: নানা উৎসাহ-উদ্দীপনা ও কর্মসূচির মধ্য দিয়ে পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সমতলের আদিবাসী নারীদের অধিকার প্রতিষ্ঠা, পারিবারিক ও সামাজিক সহিংসতা প্রতিরোধ, নারী নির্যাতন বন্ধ এবং সরকারি আইনগত সহায়তা পাওয়ার অধিকার সম্পর্কে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
আদিবাসী নেত্রী অনিতা রানী মুরাদির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সহকারী সিভিল জজ মো. আজহারুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জিলাল উদ্দিন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ পারভীন, আমরাই পারি জোটের জেলা আহ্বায়ক ও প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান এবং মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো চিফ উৎপল মির্জা।
অনুষ্ঠানে জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সহকারী সিভিল জজ মো. আজহারুল ইসলাম বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী দরিদ্র ও অসহায় মানুষ বিনামূল্যে আইনগত সহায়তা পাওয়ার সুযোগ রাখেন। কোনো নারী পারিবারিক নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক, ভরণপোষণ, নারী ও শিশু নির্যাতন কিংবা অন্যান্য আইনগত সমস্যার শিকার হলে আইনের আশ্রয় নেওয়ার পাশাপাশি সরকারি লিগ্যাল এইডের সহায়তা নিতে পারেন। তিনি আদিবাসী নারীদের নিজেদের আইনগত অধিকার সম্পর্কে জানতে এবং অন্যায়ের বিরুদ্ধে আইনগত প্রতিকার গ্রহণে সচেতন হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, সমতলের আদিবাসী নারীদের জীবনযাত্রার মানোন্নয়ন, তাদের অধিকার রক্ষা এবং পরিবার ও সমাজে সব ধরনের সহিংসতা প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু আইন থাকলেই হবে না, সেই আইন সম্পর্কে মানুষের জ্ঞান ও সচেতনতা বাড়ানো জরুরি।
কবি ও আবৃত্তিশিল্পী অঞ্জলী ভৌমিকের উপস্থাপনায় এবং সাংবাদিক ও উন্নয়নকর্মী কামাল আহমেদ সিদ্দিকীর সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। স্বাগত বক্তব্য দেন আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট-এর প্রোগ্রাম অফিসার নাজমুস সাকিব।
সম্মেলনে বক্তব্য দেন বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু, ব্রেডের নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম, দৈনিক সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, এসডিকেএসের নাসির উদ্দিন ময়নুল, সুচিতা সমাজ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক নাসরিন পারভীন এবং আদিবাসী নারীদের মধ্যে অনিতা রানী মাহাতো, লিপি রানী বিশ্বাস, শান্তি রানী মাহাতোসহ অনেকে।
বক্তারা বলেন, সমতলের আদিবাসী নারীরা পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের বৈষম্য ও সহিংসতার মুখোমুখি হন। অনেক ক্ষেত্রে অধিকার লঙ্ঘনের শিকার হলেও আইনগত প্রতিকার সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। তাই সরকারি আইনগত সহায়তা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিদ্যমান আইন, সম্পত্তি ও উত্তরাধিকার সংক্রান্ত অধিকার, বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী আইনসহ বিভিন্ন আইন সম্পর্কে তাদের সচেতন করে তোলা জরুরি।
অনুষ্ঠানের একপর্যায়ে আদিবাসীদের অধিকার ও জীবনসংগ্রাম নিয়ে সাংবাদিক কামাল আহমেদ সিদ্দিকীর লেখা দু’টি কবিতা আবৃত্তি করেন কবি ও আবৃত্তিশিল্পী অঞ্জলী ভৌমিক। কবিতায় আদিবাসী মানুষের অধিকার, বৈষম্য ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষা তুলে ধরা হলে উপস্থিতদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

Leave a Reply
You must be logged in to post a comment.