পাবনা প্রতিনিধি: শিশুদের নিরাপদ খেলাধুলা ও সুস্থ বিনোদনের নতুন ঠিকানা হিসেবে পাবনায় প্রথমবারের মতো চালু হয়েছে আধুনিক সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ড’। পিএস গ্রুপের উদ্যোগে নির্মিত এই বিনোদন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে শুক্রবার (৭ আগস্ট) বিকেলে পাবনা শহরের অদূরে গাছপাড়া তিন রাস্তার মোড়ে।

প্রায় ১২ হাজার বর্গফুট আয়তনের এই প্লে-গ্রাউন্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশবরেণ্য চিকিৎসক প্রফেসর ড. ওমর আলী। উদ্বোধনের পরপরই শিশুদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সময়ে শিশুদের অতিরিক্ত মোবাইল ও টেলিভিশন নির্ভরতা কমিয়ে তাদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে সহায়তা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সে বিষয়টি মাথায় রেখেই প্লে-গ্রাউন্ডে স্থাপন করা হয়েছে সেফটি ম্যাট, বল পিট, স্লাইডসহ বিভিন্ন আধুনিক ও নিরাপদ খেলার ব্যবস্থা। প্রতিটি জোনে থাকবে প্রশিক্ষিত সুপারভাইজারের তত্ত্বাবধান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. ওমর আলী বলেন, বর্তমান নগরজীবনে শিশুদের খেলাধুলার সুযোগ দিন দিন সংকুচিত হচ্ছে। এর ফলে তাদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, ‘পিএস ডিজনিল্যান্ড’ শিশুদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর বিনোদনের একটি গুরুত্বপূর্ণ সংযোজন, যা তাদের সৃজনশীলতা ও আনন্দময় শৈশব গড়ে তুলতে সহায়ক হবে।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকদের মধ্যেও ছিল স্বস্তি ও উচ্ছ্বাস। রেহানা পারভীন, প্রথমাসহ কয়েকজন অভিভাবক জানান, পাবনায় শিশুদের নিয়ে পরিবারসহ নিরাপদ পরিবেশে সময় কাটানোর মতো এমন মানসম্মত জায়গার অভাব ছিল। নতুন এই প্লে-গ্রাউন্ড চালু হওয়ায় শিশুদের স্ক্রিন নির্ভরতা কমবে এবং তারা খেলাধুলার মাধ্যমে আনন্দ উপভোগ করতে পারবে।

পিএস গ্রুপের চেয়ারম্যান জাহিদ হোসাইন পান্না বলেন, ব্যস্ত নগরজীবনে শিশুদের জন্য আনন্দ ও বিনোদনের একটি নিরাপদ পরিবেশ তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে অভিভাবকদের স্বাচ্ছন্দ্যের বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি জানান, শিশুদের জন্য প্রবেশ ও রাইড উপভোগের প্যাকেজ মূল্য ৩২০ টাকা এবং অভিভাবকদের জন্য ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। একটি প্যাকেজের আওতায় শিশুরা দুই ঘণ্টা বিভিন্ন রাইড ও খেলাধুলার সুযোগ পাবে। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত প্লে-গ্রাউন্ডটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, সাবেক সম্পাদক উৎপল মীর্জা, রোটারিয়ান জালাল উদ্দিন, সাংবাদিক আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান রাসেল ও রিজভী জয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৈশাখী টেলিভিশনের পাবনা প্রতিনিধি মিজানুর রহমান।