পাবনা প্রতিনিধি: মেধা, সততা ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে সবার সহযোগিতায় একটি সুশৃঙ্খল, নিরাপদ ও জনবান্ধব পাবনা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলার নবাগত পুলিশ সুপার আবু আশ্রাফ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় পাবনা প্রেসক্লাব অডিটোরিয়ামে জেলার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ প্রত্যয়ের কথা জানান। সভায় সভাপতিত্ব করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক আখতারুজ্জামান আখতার।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক। পারস্পরিক আস্থা ও সুসম্পর্ক বজায় রেখে কাজ করলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব। তিনি বলেন, দায়িত্ব পালনে তিনি রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থেকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করতে চান। কোনো পুলিশ সদস্য অন্যায় বা অপরাধে জড়িয়ে পড়লেও তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, মাদক ও অনলাইন জুয়ার বিস্তার শুধু পাবনায় নয়, সারা দেশেই উদ্বেগজনক। এসব অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে মাদকমুক্ত পাবনা গড়ে তোলা সম্ভব।
মতবিনিময় সভায় শহরের যানজট নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, নৌপথে যাত্রী হয়রানি, বাস ও ট্রাকে চাঁদাবাজি, নদী থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন, হয়রানিমূলক মামলা এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন পুলিশ সুপার।
সভায় বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, বর্ষীয়ান সাংবাদিক আব্দুল মতীন খান, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, হাবিবুর রহমান হাবিব, উৎপল মির্জা, রাজিউর রহমান রুমি, এম জি বিপ্লব চৌধুরী, আবুল কালাম আজাদ ও আহমেদ হুমায়ন কবির তপুসহ অন্যান্য সাংবাদিকরা।
বক্তারা জেলার বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন এবং তথ্য ও সংবাদ সংগ্রহে পুলিশের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল। এতে জেলার শতাধিক সাংবাদিক এবং পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply
You must be logged in to post a comment.