পাবনা প্রতিনিধি: পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে ৪ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) পাবনা সদর ও ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলাম এবং ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার।
ডিএনসি সূত্রে জানা যায়, পাবনা সদর উপজেলার শালগাড়িয়া ও লস্করপুর এবং ঈশ্বরদী উপজেলার সাহাপুর, রূপপুর ও আওতাপাড়া এলাকার বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।
আটকরা হলেন, শালগাড়িয়া এলাকার সুলতান শেখের ছেলে মো. আলিফ শেখ (২২), দক্ষিণ রাঘবপুর এলাকার মৃত নুতুব আলীর ছেলে মো. আফজাল (৫৫), ঈশ্বরদীর দিয়ার সাহাপুর এলাকার মফিজ ড্রাইভারের ছেলে তোহিদুল ইসলাম (৩২) এবং ভেলুপাড়া এলাকার সুজন প্রামানিকের ছেলে মো. কাউসার আলী (২৭)।
আসামিদের বিরুদ্ধে ডিএনসি পাবনার পরিদর্শক মো. আব্দুর রহিম, উপপরিদর্শক সোহান ও উপপরিদর্শক মো. জামালুর রহমান ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন উপস্থাপন করেন। আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে পাবনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, জুলাই ২০২৬ মাসে এ পর্যন্ত মাদকসংক্রান্ত অপরাধে মোট ১০৩ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.