পাবনা প্রতিনিধি: পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে পাঁচজন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এবং ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাবনা সদর উপজেলার লস্করপুর এবং ঈশ্বরদী উপজেলার মাঝদিয়া ও দাশুড়িয়া এলাকার বিভিন্ন মাদক স্পট থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, পাবনা সদর উপজেলার লস্করপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে মো. শুকুর আলী (৪০), শালগাড়িয়া এলাকার মো. বিশ্বাসের ছেলে মো. পিয়াস বিশ্বাস (২৩), লস্করপুর গ্রামের মৃত রাজ্জাক শেখের ছেলে মো. রতন শেখ (৩২), ঈশ্বরদী উপজেলার পশ্চিম টেংরী কাচারি পাড়া এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে মো. হাবিবুর রহমান সবুজ (৩০) এবং বড়ইচড়া বিশ্বাস পাড়া এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে মো. হাসান (২৮)।
ডিএনসি পাবনার পরিদর্শক তারেক মাহমুদ, উপপরিদর্শক সোহান, উপপরিদর্শক মো. জামালুর রহমান ও উপপরিদর্শক মোহাম্মদ শের আলম ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন পরিচালনা করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি জুলাই মাসে এ পর্যন্ত জেলায় মাদক-সংক্রান্ত অপরাধে মোট ৯৭ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.