পাবনা প্রতিনিধি: আধুনিক প্রযুক্তির সহায়তায় উদ্ধার করা হারিয়ে যাওয়া ৫৪টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে পাবনা জেলা পুলিশ। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

শনিবার (২৫ জুলাই) জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সাইবার ক্রাইম শাখা গত ২৬ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত মাসব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৫৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধারের পর প্রতিটি মোবাইলের মালিকানা যাচাই করতে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র পরীক্ষা করা হয়। যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের হাতে মোবাইল ফোনগুলো তুলে দেয় জেলা পুলিশ।

মোবাইল ফিরে পাওয়া ব্যক্তিরা পুলিশের এ উদ্যোগের প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, গুরুত্বপূর্ণ তথ্য ও ব্যক্তিগত স্মৃতিবিজড়িত মোবাইল ফোন ফিরে পাওয়ায় তারা স্বস্তি পেয়েছেন।

জেলা পুলিশের কর্মকর্তারা জানান, প্রযুক্তিনির্ভর তদন্ত ও সাইবার সক্ষমতা কাজে লাগিয়ে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে। একই সঙ্গে সাইবার অপরাধ দমন ও নাগরিক সেবা আরও কার্যকর করতে জেলা পুলিশ বদ্ধপরিকর।

পুলিশের পক্ষ থেকে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হলে বিলম্ব না করে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে। এতে হারানো মোবাইল উদ্ধারের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পায়।