পাবনা প্রতিনিধি: পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় ধারালো অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় পাবনা সদর উপজেলার দাপুনিয়া বাজার সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, পাবনা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে দুইজনকে আটক করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি তলোয়ার, দুটি ছুরি ও দুটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে এসব ধারালো অস্ত্র নিজেদের হেফাজতে রেখেছিল বলে জানিয়েছে পুলিশ। এছাড়া উদ্ধারকৃত ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি উদ্ধারকৃত অবৈধ অস্ত্রের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদক, অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলবে।

Leave a Reply
You must be logged in to post a comment.