পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার রামচন্দ্রপুর বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার ও দুই রাউন্ড কার্তুজসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২।

শুক্রবার (১৭ জুলাই) ভোর আনুমানিক ৩টা ৫০ মিনিটে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জের নির্দেশনায় কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামান (এস) বিএন-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে পাবনা সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর বাংলা বাজার এলাকার ইসমাইল মৃধার ছেলে মো. ফরিদ উদ্দিন (৪৫)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা অস্ত্র, কার্তুজ এবং গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২ জানায়, অবৈধ অস্ত্র, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে মাদক, অস্ত্রধারী ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে জনসাধারণকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে।