পাবনা প্রতিনিধি: পাবনা ও ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ মাদকসেবীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১৩ জুলাই) পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলাম এবং ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে পাবনা সদর উপজেলার কবিরপুর ও লস্করপুর এবং ঈশ্বরদী উপজেলার রূপপুর, দিয়ার বাঘইল ও সাহাপুর এলাকার বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, পাবনা সদর উপজেলার দোহারপাড়ার মৃত রুসুত আলীর ছেলে মো. বাবু (৪৮), দক্ষিণ রামচন্দ্রপুর (বাংলা বাজার) এলাকার মো. আমির হোসেনের ছেলে মো. স্বপন (৪০), দক্ষিণ রাঘবপুর এলাকার মৃত মোজাহারের ছেলে মো. কামাল হোসেন (৪৬), ঈশ্বরদী উপজেলার নতুন রূপপুর এলাকার মো. হেলালের ছেলে মো. শাকিল (২৬) এবং দিয়ার বাঘইল এলাকার মৃত সাত্তারের ছেলে মো. সুজন (৪৫)।

ডিএনসি পাবনা সদর সার্কেলের পরিদর্শক তারেক মাহমুদ, উপ-পরিদর্শক মো. জামালুর রহমান ও উপ-পরিদর্শক সোহান এবং ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক মো. আব্দুর রহিম ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন উপস্থাপন করেন।

ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের মাদক সেবনের অপরাধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। পরে তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। চলতি জুলাই মাসে এ পর্যন্ত ৪৩ জনকে মাদক-সংক্রান্ত অপরাধে আদালতে সোপর্দ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।