পাবনা প্রতিনিধি: পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে ৬ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (৮ জুলাই) পাবনা সদর ও ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আলিম এবং ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার।
ডিএনসি সূত্রে জানা যায়, পাবনা সদর উপজেলার আটুয়া ও বলরামপুর এবং ঈশ্বরদী উপজেলার দিয়ার সাহাপুর, চর সাহাপুর, নতুন হাট ও রূপপুর এলাকার বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পাবনা সদর উপজেলার আটুয়া গ্রামের মো. মজিবরের ছেলে মো. রেজাউল করিম ওরফে অন্তর (২৮), দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের মো. রাজের ছেলে মো. সাজ্জাত শেখ (৩৫), কাশিপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মাহাতাব হোসেন জগলু (৫৮), ঈশ্বরদী উপজেলার দাশুরিয়া গ্রামের মৃত কালুর ছেলে মো. রতন (৪০), লালপুর উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত জব্বারের ছেলে মো. শাহীন (৪০) এবং ঈশ্বরদী উপজেলার ইলশামারী গ্রামের মো. সৌরভ হোসেনের ছেলে মো. আলমগীর (৪৪)।
আসামিদের বিরুদ্ধে ডিএনসি পাবনা সদর সার্কেলের উপ-পরিদর্শক সোহান, উপ-পরিদর্শক মো. জামালুর রহমান এবং ঈশ্বরদী সার্কেলের উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন পরিচালনা করেন। আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে পাবনা জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। চলতি জুলাই মাসে এ পর্যন্ত মাদক-সংক্রান্ত অপরাধে মোট ৩০ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.