পাবনা প্রতিনিধি: পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রের গুলি ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পাবনা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় গত ১৭ জুন বিকেলে পাবনা সদর উপজেলার ছাতিয়ানি বটতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় মোঃ আশরাফ সরদার (৫০) ও মোঃ আপীল শেখ (৫১) নামে দুইজনকে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১২ বোরের ১ রাউন্ড কার্তুজ, .২২ বোরের ৭ রাউন্ড কার্তুজ এবং বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে চাইনিজ কুড়াল, চাপাতি, ছুরি, ড্যাগার, করাতসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে The Arms Act, 1878-এর ১৯এ/১৯(এফ) ধারায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পাবনা জেলা পুলিশ জানিয়েছে, সন্ত্রাস, অস্ত্র ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং জননিরাপত্তা নিশ্চিতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হবে।