পাবনা প্রতিনিধি: মাদকাসক্তিমুক্ত শিক্ষাঙ্গন ও সচেতন সমাজ গঠনের লক্ষ্যে পাবনায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে প্রশিক্ষক ও মেন্টর তৈরির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে তাবাসসুম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল ইসলাম এবং জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান।
প্রশিক্ষণ কর্মসূচিতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় পাবনার উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর।
জেলা প্রশাসক তার বক্তব্যে শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ গড়ে তুলতে শিক্ষকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
পরে সকাল সাড়ে ১১টায় ‘মাদকাসক্তিমুক্ত শিক্ষাঙ্গন তথা সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। এছাড়া বক্তব্য দেন ডিএনসির উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর এবং জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক।
উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বলেন, শিক্ষার্থীসহ সমাজের সব স্তরের মানুষকে মাদকের আগ্রাসনের বিরুদ্ধে সচেতন ও প্রতিরোধী করে তুলতেই এ ধরনের দিকনির্দেশনামূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে।

Leave a Reply
You must be logged in to post a comment.