পাবনা প্রতিনিধি: পাবনায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সচেতনতা বাড়াতে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শহরের বিভিন্ন সড়ক ঘুরে এই ব্যতিক্রমী আয়োজনে তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

শনিবার (৬ জুন) দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের প্রধান ফটক থেকে র‍্যালির সূচনা হয়। সেখান থেকে অংশগ্রহণকারীরা ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহরের প্রধান সড়ক পেরিয়ে পাবনা মানসিক হাসপাতাল এলাকায় গিয়ে কর্মসূচির সমাপ্তি টানেন।

র‍্যালির আয়োজন করে গ্রিন গ্রোথ ফাউন্ডেশন। এর প্রতিষ্ঠাতা সভাপতি মাহফুজুর রহমান শ্রাবণের নেতৃত্বে পুরো কর্মসূচি পরিচালিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখার সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান উপস্থিত থেকে র‍্যালির উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান অতিথি হিসেবে অংশ নেন ইউনেস্কো জাতীয় কমিশনের প্রোগ্রাম অফিসার ড. হাফিজ ইকবাল। এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক পাবনার চেতনার সম্পাদক এস এম আদনান উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

র‍্যালি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা পরিবেশ রক্ষায় জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, টেকসই ভবিষ্যতের জন্য পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের সক্রিয় ভূমিকা ছাড়া বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব নয়।