দর্পণ ডেক্স: দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজারের বেশি সন্দেহজনক রোগী শনাক্ত হওয়ায় জনস্বাস্থ্য নিয়ে বাড়ছে শঙ্কা।

সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১২৭ জন। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৯৪০ জনে।

এদিকে, গত একদিনে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৭ জন। আর গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ৭১৯ জন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৫ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ হাজার ৫৮৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ হাজার ৬১৯ জন।

মৃত্যুর হিসাবেও উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১৬ জন। আর একই সময়ে নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে চলতি প্রাদুর্ভাবের শুরু থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম ও উপসর্গে মারা গেছেন ৪৫৮ জন এবং নিশ্চিত হামে প্রাণ গেছে ৮৭ জনের।

বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার করা এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করাই পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রধান উপায়।