পাবনা প্রতিনিধি: ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ও উপকারভোগীদের হাতে কার্ড তুলে দিতে আগামী ২১ ডিসেম্বর পাবনায় আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এ উপলক্ষে পাবনা সদর উপজেলাকে নির্ধারণ করা হয়েছে প্রধান অনুষ্ঠানস্থল হিসেবে। সম্ভাব্য এই সফরকে ঘিরে জেলাজুড়ে প্রশাসনিক প্রস্তুতির উদ্যোগ নেওয়া হচ্ছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি সংক্রান্ত বুধবার (২৫ নভেম্বর) জারি করা সরকারি চিঠিতে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ও অনুষ্ঠানস্থলের তথ্য উল্লেখ করা হয়েছে।

চিঠি অনুযায়ী, ডিসেম্বর মাসে দেশের বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হবে। এর মধ্যে চারটি উপজেলায় প্রধানমন্ত্রী সরাসরি উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন ও কার্ড বিতরণ করবেন। নির্ধারিত স্থানগুলো হলো কুষ্টিয়া সদর, গাইবান্ধার গোবিন্দগঞ্জ, সুনামগঞ্জ সদর ও পাবনা সদর। পাবনায় আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠান আয়োজনের সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছে।

একই কর্মসূচির আওতায় দেশের আরও ২৬৪টি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এসব স্থানের অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে মূল আয়োজনের সঙ্গে যুক্ত থাকবে, যেখানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি অংশ নেবেন।

সরকারি নির্দেশনায় কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে আগাম প্রস্তুতি নিতে বলা হয়েছে। উপকারভোগীদের তালিকা তৈরি, তথ্য সংগ্রহ, যাচাই-বাছাইসহ অনুষ্ঠান আয়োজনের প্রয়োজনীয় কাজ দ্রুত সম্পন্ন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য পাবনা সফরকে কেন্দ্র করে ফ্যামিলি কার্ড কর্মসূচির আয়োজন ঘিরে এখন প্রশাসনিক তৎপরতা বাড়ার অপেক্ষা। সফরসূচি ও অনুষ্ঠানস্থল চূড়ান্ত হলে প্রস্তুতি আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।