পাবনা প্রতিনিধি: পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি সেট। চরমপন্থিদের আত্মসমর্পণের পর পাওয়া তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (৪ নভেম্বর) এসআরবি-১২ সিরাজগঞ্জের পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম এ মামুন খান চিশতী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ নভেম্বর এসআরবি-১২-এর উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থি আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীদের কাছ থেকে পাওয়া তথ্য এবং ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দা তথ্য যাচাই-বাছাই করে অস্ত্র উদ্ধারে পরবর্তী অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালান এসআরবি-১২-এর সদস্যরা। অভিযানে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র ও ৮টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

এসআরবি-১২ সূত্রে জানা গেছে, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পাবনার সাঁথিয়া ও আতাইকুলা থানা এলাকা এবং সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা থানা এলাকার বিভিন্ন স্থান থেকে জব্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।