বিশেষ প্রতিবেদক, চাটমোহর: পাবনার চাটমোহর পৌর সদরের পুরাতন বাজার হাসপাতাল গেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুই ফার্মেসিকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে মানতাশা ফার্মেসিকে ৩০ হাজার টাকা এবং মতিন ফার্মেসিকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মানতাশা ফার্মেসিতে এক ওষুধের বক্সের গায়ে অন্য ওষুধের লেবেল লাগিয়ে বিক্রির মাধ্যমে ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগ পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, মতিন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। এ সময় পাবনা জেলা ঔষধ প্রশাসন কর্মকর্তা মিঠুন সাহা উপস্থিত ছিলেন।

অভিযানে চাটমোহর ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, জেলা ঔষধ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আনসার সদস্যসহ সংশ্লিষ্টরা সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী বলেন, “ঔষধ ব্যবসায় এরকম প্রতারণা ইতিপূর্বে দেখিনি। এক ওষুধের বক্সে অন্য ওষুধের লেবেল লাগিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। একই প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধও পাওয়া গেছে।”

পাবনা জেলা ঔষধ প্রশাসন কর্মকর্তা মিঠুন সাহা বলেন, ঔষধ ব্যবসায় এ ধরনের কর্মকাণ্ডে সাধারণ মানুষ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে পারেন। এমনকি মৃত্যুর মতো দুর্ঘটনাও ঘটতে পারে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।