ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও নেতৃত্বের বিরোধ নতুন মাত্রা পেয়েছে। জেলা বিএনপির ঘোষিত উপজেলা ও পৌর কমিটির বিপরীতে এবার ‘তৃণমূল বিএনপি’র ব্যানারে পাল্টা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় ঈশ্বরদী শহরের রেলগেট এলাকার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কমিটি ঘোষণা করেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।

ঘোষিত ৩১ সদস্যের উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে মো. জাহাঙ্গীর আলমকে আহ্বায়ক, পাঁচজনকে যুগ্ম আহ্বায়ক এবং মো. সাহাবুদ্দিন সেন্টু সরদারকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে আরও ২৪ জনকে সদস্য রাখা হয়েছে।

অন্যদিকে, পৌর বিএনপির আহ্বায়ক কমিটিতে মো. ইসলাম হোসেন জুয়েলকে আহ্বায়ক, সাতজনকে যুগ্ম আহ্বায়ক এবং মো. আনোয়ার হোসেন জনিকে সদস্য সচিব করা হয়েছে। এ কমিটিতে ২২ জনকে সদস্য রাখা হয়েছে।

এর আগে গত ১৬ আগস্ট রাতে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মাকসুদুর রহমান খন্দকার ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। ওই কমিটিতে জিয়াউল ইসলাম সন্টু সরদারকে উপজেলা বিএনপির আহ্বায়ক এবং শরিফুল ইসলাম তুহিনকে সদস্য সচিব করা হয়। পৌর বিএনপিতে মাহাবুবুর রহমান পলাশকে আহ্বায়ক ও ইমরুল কায়েস সুমনকে সদস্য সচিব করা হয়।

পাল্টা কমিটি ঘোষণার বিষয়ে পৌর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক মো. ইসলাম হোসেন জুয়েল বলেন, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব মাত্র চারজনকে নিয়ে উপজেলা ও পৌর বিএনপির আংশিক কমিটি ঘোষণা করেছেন। ওই কমিটি বাতিলের দাবিতে তারা ৪৮ ঘণ্টার আলটিমেটামসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। এমনকি হাবিবুর রহমান হাবিবের কুশপুতুলও দাহ করা হয়েছে। এরপরও ঘোষিত কমিটি বাতিল না হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে পাল্টা কমিটি ঘোষণা করা হয়েছে।

উপজেলা বিএনপির নবঘোষিত কমিটির সদস্য সচিব মো. সাহাবুদ্দিন সেন্টু সরদার দাবি করেন, আহ্বায়ক কমিটির মেয়াদ তিন মাস হলেও পাবনা জেলা বিএনপিতে হাবিবুর রহমান হাবিব দীর্ঘদিন ধরে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ কারণে কমিটি গঠন ও অনুমোদনের সাংগঠনিক বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, রাতের আঁধারে মাত্র চারজনকে নিয়ে কমিটি ঘোষণা করে দলের চেয়ারম্যান ও কেন্দ্রীয় নেতাদের বিব্রতকর অবস্থায় ফেলা হয়েছে।

কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া পিন্টু অভিযোগ করেন, বিএনপির দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে যারা হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন এবং রাজপথে সক্রিয় ছিলেন, তাদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তি ও আওয়ামী লীগের সহযোগীদের নিয়ে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির কমিটি করা হয়েছে।

তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, একাধিকবার দল থেকে বহিষ্কৃত এবং বর্তমানে বহিষ্কৃত ব্যক্তিদের কোনো কমিটিকে অবৈধ বলার এখতিয়ার নেই। নিজেদের উদ্যোগে কমিটি গঠন ও ঘোষণা করার সাংগঠনিক অধিকারও তাদের নেই।

এদিকে একই ইউনিটে দুই পক্ষের পৃথক আহ্বায়ক কমিটি ঘোষণায় ঈশ্বরদী বিএনপির অভ্যন্তরীণ বিরোধ আরও প্রকাশ্যে এসেছে। ফলে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা ও বিভ্রান্তি।