ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল দোতলা সাঁকো ও উমিরপুর মতিয়ার রহমান মতি সড়কের মধ্যবর্তী রেললাইন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে রেললাইনের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা (জিআরপি) পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় মরদেহের পরিচয় শনাক্তসহ ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।