পাবনা প্রতিনিধি: পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে তিন মাদকসেবীকে আটক করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) পাবনা সদর উপজেলার বলরামপুর এবং ঈশ্বরদী উপজেলার পাকশী ও রূপপুর এলাকার বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলাম এবং ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, পাবনা সদর উপজেলার অনন্ত বলরামপুর এলাকার আঃ হামিদের ছেলে শফিক শেখ (৩৪), দক্ষিণ রাঘবপুর এলাকার মৃত ইসমাঈল হোসেনের ছেলে মো. রুবেল হোসেন (৩২) এবং ঈশ্বরদী উপজেলার মিরকামারী এলাকার জামাল উদ্দিন মণ্ডলের ছেলে মো. সুমন ইসলাম শুভ (২৩)

আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডিএনসি পাবনার পরিদর্শক মো. আব্দুর রহিম, উপপরিদর্শক মো. জামালুর রহমান ও উপপরিদর্শক সোহান ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর।

তিনি জানান, আগস্ট ২০২৬ মাসে এ পর্যন্ত মাদক অপরাধের সঙ্গে জড়িত মোট ১১০ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের আগ্রাসন রোধে মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।