দর্পণ ডেস্ক: সাফল্যের স্বীকৃতি পেল চাটমোহরের কৃতি শিক্ষার্থীরা। এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী দেড় শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতেই কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী। পরে একে একে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ছিল সাফল্যের আনন্দ ও ভবিষ্যৎ নিয়ে নতুন স্বপ্ন।

বিশেষভাবে সম্মাননা জানানো হয় অটিজম আক্রান্ত শিক্ষার্থী মিথিলা তাবাস্সুমকে। এসএসসি পরীক্ষায় এ গ্রেডে উত্তীর্ণ হওয়ায় তার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। তার এই সাফল্য অনুষ্ঠানে উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গণি, ডা. ফরহাদ পারভেজ লিখন, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, অধ্যক্ষ মাহমুদুল আলম, প্রধান শিক্ষক আব্দুর রব, প্রধান শিক্ষক সন্ধ্যা কিরিটি, প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, অভিভাবক পিয়াসা জাফরীন ও মনোয়ার হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী জুলেখা খাতুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা শিক্ষার্থীদের এই অর্জনের জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জন এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।