নিজস্ব প্রতিবেদক, চাটমোহর: পাবনার চাটমোহরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ীর পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরী। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তার পাশাপাশি দোকান পুনর্নির্মাণের জন্য টিন প্রদান করেছেন তিনি।

গত বুধবার (১৯ আগস্ট) রাতে উপজেলার কুয়াবাসী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হামিদুল ইসলামের ফার্মেসি ও হাশেমের চা-স্টল পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। গভীর রাতে স্থানীয় গ্রামবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও আগুনে দোকান দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকাণ্ডের পর থেকে এখন পর্যন্ত বন্ধ রয়েছে ব্যবসাপ্রতিষ্ঠান দুটি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। পরে তিনি ক্ষতিগ্রস্ত হামিদুল ইসলাম ও হাশেমের প্রত্যেককে আর্থিক সহযোগিতা প্রদান করেন। একই সঙ্গে দোকান ও ঘর পুনর্নির্মাণের জন্য টিনও দেওয়া হয়।

ইউএনওর এই সহযোগিতায় ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ী নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস ও সহায়তা পেয়েছেন। স্থানীয়রা এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন।