ঈশ্বরদীতে রূপপুর প্রকল্পের কোয়ার্টারে সেনাসদস্যের মৃত্যু
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সেনা ব্যারাকের সরকারি কোয়ার্টার থেকে সজীব মোল্লা (২৭) নামে এক সেনাসদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় পাকশী পেপার মিল এলাকার রূপপুর প্রকল্পের সেনা ব্যারাকের স্নিগ্ধা বিল্ডিংয়ের তৃতীয় তলার একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সজীব মোল্লা মানিকগঞ্জের ঘিওর উপজেলার চক দিয়াইল গ্রামের মজিদ মোল্লার ছেলে। তিনি প্রায় ৮ থেকে ৯ বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দায়িত্ব পালন শেষে সজীব তাঁর সরকারি কোয়ার্টারে ফিরে কক্ষের দরজা বন্ধ করে দেন। পরে দীর্ঘ সময় দরজা না খোলায় সহকর্মীরা বিষয়টি জানতে পারেন। একপর্যায়ে তাঁকে কক্ষের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে তাঁকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়।
পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে পুলিশ তদন্ত করছে।
রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইয়াদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

Leave a Reply
You must be logged in to post a comment.