পাবনা প্রতিনিধি: পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে বিভিন্ন মাদক স্পট থেকে ছয়জন মাদকসেবীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) পাবনা সদর ও ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএনসি পাবনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলাম এবং ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পাবনা সদর উপজেলার লস্করপুর এবং ঈশ্বরদী উপজেলার পাতিলাখালি, ফতে মোহাম্মদপুর ও দাশুড়িয়া এলাকার বিভিন্ন মাদক স্পট থেকে ছয়জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, পাবনা সদর উপজেলার শিলাইদহ এলাকার ইউনুছ প্রাংয়ের ছেলে মো. বেল্লাল (২৬), নতুনপাড়া এলাকার মো. গাজী রহমানের ছেলে মো. শাহীন রহমান (৩২) ও কিসমত প্রতাপপুর এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মো. হোসেন আলী (৩৮)।
এছাড়া ঈশ্বরদীর দাশুড়িয়া এলাকার মো. কালুর ছেলে মো. মানিক (৪০), নাটোরের লালপুর উপজেলার পানঘাটা এলাকার মো. আত্তান সরদারের ছেলে মো. শাহীন সরদার (৩২) এবং ঈশ্বরদীর নারিচা এলাকার মো. মুন্ডু প্রামাণিকের ছেলে মো. রাশেদ (৩২) রয়েছেন।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডিএনসি পাবনার পরিদর্শক তারেক মাহমুদ, উপপরিদর্শক সোহান, উপপরিদর্শক মো. জামালুর রহমান এবং উপপরিদর্শক মোহাম্মদ শের আলম ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর। তিনি জানান, চলতি আগস্ট মাসে এখন পর্যন্ত মাদক অপরাধের অভিযোগে মোট ৬৯ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.