ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন ফরিদপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রিন্সিপাল ও হাদল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ মোল্লা। ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিয়মিত গণসংযোগ, মতবিনিময় ও প্রচার-প্রচারণা চালিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি।

গণসংযোগকালে স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন আবু সাঈদ মোল্লা। একই সঙ্গে নির্বাচিত হলে ইউনিয়নের যোগাযোগব্যবস্থা, শিক্ষা, সামাজিক প্রতিষ্ঠান ও নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।

আবু সাঈদ মোল্লার নির্বাচনী ভাবনায় রয়েছে ইউনিয়নের বিভিন্ন সড়ক সংস্কার ও নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন, কবরস্থান ও শ্মশানঘাটের উন্নয়নসহ জনসেবামূলক বিভিন্ন উদ্যোগ। পাশাপাশি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কথাও বলছেন তিনি।

রাজনৈতিক জীবনে ফরিদপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালনের কথা উল্লেখ করে আবু সাঈদ মোল্লা বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন তিনি। ২০২৩ সালের ২৮ অক্টোবর গ্রেপ্তার ও রাজনৈতিক কারণে কলেজ থেকে সাময়িক বরখাস্ত এবং বেতন বন্ধের মতো পরিস্থিতির মুখোমুখি হওয়ার কথাও জানান তিনি। তার দাবি, বিভিন্ন সময়ে হামলা, মামলা ও ভয়ভীতির মুখোমুখি হলেও মানুষের পাশে থাকার কার্যক্রম থেকে সরে যাননি।

তিনি আরও বলেন, ২০১৩ সালে হাদল ইউনিয়নকে সন্ত্রাসমুক্ত করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধীজন ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও ইউনিয়নে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে কাজ করতে চান তিনি।

স্থানীয়দের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আবু সাঈদ মোল্লার নিয়মিত গণসংযোগ ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে এলাকায় আলোচনা রয়েছে। দিনমজুর রহিম বলেন, “তিনি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যায় পাশে থাকার চেষ্টা করেন। আমরা এলাকার উন্নয়নের জন্য তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।”

ব্যবসায়ী আজাদ খান বলেন, “ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে অন্যায় ও চাঁদাবাজির বিরুদ্ধে তার অবস্থান রয়েছে। এ বিষয়টি আমরা ইতিবাচকভাবে দেখি।”

স্থানীয় বাসিন্দা জুলেখা খাতুন বলেন, “তিনি এলাকার মানুষের খোঁজখবর রাখেন। অসহায় ও বয়স্ক মানুষের পাশে থাকার চেষ্টা করেন।”

চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ মোল্লা বলেন, “হাদল ইউনিয়নের মানুষের সেবা করাই আমার লক্ষ্য। নির্বাচিত হলে রাস্তা, শিক্ষা, সামাজিক প্রতিষ্ঠান ও নাগরিক সেবার উন্নয়নে কাজ করব। দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে চাই।”

এদিকে নির্বাচন সামনে রেখে হাদল ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। প্রার্থীরা ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। এরই মধ্যে আবু সাঈদ মোল্লার ধারাবাহিক গণসংযোগকে ঘিরে স্থানীয় পর্যায়ে আলোচনা তৈরি হয়েছে বলে দাবি তার সমর্থকদের।

তবে নির্বাচনে শেষ পর্যন্ত কে চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন, তা নির্ধারণ করবেন ইউনিয়নের ভোটাররা। নির্বাচনী পরিবেশ ও প্রার্থীদের তৎপরতা বাড়ার সঙ্গে সঙ্গে হাদল ইউনিয়নের রাজনীতিতেও এখন নতুন করে উত্তাপ ছড়াচ্ছে।