চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে পুলিশের নিয়মিত অভিযানে বিস্ফোরক মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার ছাইকোলা পূর্বপাড়া এলাকার আব্দুল আলীমের ছেলে নাহিদ পারভেজ (২০) এবং পাঁচবাড়িয়া এলাকার নবীর উদ্দীনের ছেলে সোহেল রানা।

পুলিশ সূত্রে জানা যায়, বিস্ফোরক মামলায় তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিস্ফোরক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।