পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার লস্করপুর এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযানে দুই মাদকসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), পাবনা জেলা কার্যালয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলামের নেতৃত্বে লস্করপুর এলাকার বিভিন্ন মাদক স্পটে অভিযান চালানো হয়। অভিযানে মো. হৃদয় হোসেন (৩০) ও মো. মামুন (৪০) নামে দুজনকে আটক করা হয়।
আটক হৃদয় হোসেন পাবনা শহরের লঞ্চঘাট এলাকার মো. মুক্তার হোসেনের ছেলে। একই এলাকার বাসিন্দা মামুনও মো. মুক্তার হোসেনের ছেলে।
ডিএনসি পাবনার উপপরিদর্শক সোহান ও উপপরিদর্শক মো. জামালুর রহমান আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। পরে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চলতি আগস্ট মাসে এ পর্যন্ত মাদক-সংক্রান্ত অপরাধে মোট ৫১ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের আগ্রাসন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.