পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ অভিযানে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে দুটি ওয়ান শুটারগান ও চারটি দেশীয় অস্ত্র হাসুয়া উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) ভোররাতে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের ডিক্রির চরসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান শেষে শুক্রবার দুপুরে ঈশ্বরদী থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পাবনার পুলিশ সুপার আবু আশরাফ। তিনি বলেন, অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নিয়ন্ত্রণ ও অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ নিয়মিতভাবে কাজ করছে। এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী রেঞ্জের ডিআইজির নির্দেশনায় এবং পুলিশ সুপারের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে শতাধিক পুলিশ সদস্য অংশ নেন। অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমারের নেতৃত্বে অভিযানে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান আসাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত)সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করেন।

অভিযানে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজন, নিয়মিত মামলার একজন এবং মাদকদ্রব্য সেবনের অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় দুটি ওয়ান শুটারগান ও চারটি হাসুয়া উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রগুলো সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে থানায় নথিভুক্ত করেছে পুলিশ।

গ্রেপ্তারদের মধ্যে পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার পাঁচ আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে, মাদকদ্রব্য সেবনের অভিযোগে গ্রেপ্তার ১৮ জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। পরে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, ঈশ্বরদীতে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান চলমান থাকবে।