ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান, পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে পাবনা জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন ঈশ্বরদী উপজেলার এয়ারপোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পূর্ণিমা রায়

প্রাথমিক শিক্ষায় শিক্ষকদের পাঠদানের মান, বিদ্যালয় পরিচালনায় দক্ষতা, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা, দায়িত্বশীলতা এবং শিক্ষাক্ষেত্রে সামগ্রিক অবদানসহ বিভিন্ন বিষয় মূল্যায়নের মাধ্যমে গুণী শিক্ষক নির্বাচন করা হয়। উপজেলা পর্যায়ে যাচাই-বাছাই শেষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে পূর্ণিমা রায়কে নির্বাচিত করা হয়েছে।

এর আগে তিনি ঈশ্বরদী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হন। উপজেলা পর্যায়ের সেই স্বীকৃতির ধারাবাহিকতায় এবার পাবনা জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়ে তিনি জেলা পর্যায়েও কৃতিত্বের স্বাক্ষর রাখলেন।

শিক্ষকতার এই স্বীকৃতি প্রসঙ্গে পূর্ণিমা রায় বলেন, “শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি দায়িত্ব। শিক্ষার্থীদের শেখার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবসময় আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করেছি। জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত ও গর্বিত। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে আমাকে অনুপ্রেরণা দেবে।”

পূর্ণিমা রায়ের এ অর্জনে এয়ারপোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। বিদ্যালয় সংশ্লিষ্টরা তার এ সাফল্যকে গর্বের অর্জন হিসেবে উল্লেখ করে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।