পাবনা প্রতিনিধি: পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) পাবনা সদর উপজেলার লস্করপুর ও ঈশ্বরদী উপজেলার মশুরিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলাম এবং ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার।
আটক ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার রাজাপুর গ্রামের মো. খোকন (২৬) এবং ঈশ্বরদী উপজেলার মশুরিয়াপাড়া গ্রামের মো. আব্দুল মোমিন (৩২)।
ডিএনসি পাবনার উপপরিদর্শক মো. জামালুর রহমান ও উপপরিদর্শক মোহাম্মদ শের আলম তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। পরে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে পাবনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর। তিনি জানান, সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত মাদক অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট ৬৮ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.