নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে ১৩ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. মজিদ মন্ডল (২৭) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের দায়ের করা এজাহারের পর অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটে উপজেলার সলিমপুর ইউনিয়নের খড়ের দাইড় গ্রামে এ ঘটনা ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী মাগুরা সদর উপজেলার একটি হাফিজিয়া নূরানী মাদরাসায় তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করে। সে মাগুরায় নানাবাড়িতে থেকে পড়াশোনা করত। অসুস্থ দাদিকে দেখতে গত ২০ আগস্ট বাবা-মায়ের সঙ্গে ঈশ্বরদীর খড়ের দাইড় গ্রামে স্বজনের বাড়িতে আসে।
এজাহারের অভিযোগ অনুযায়ী, শুক্রবার বিকেলে বাড়ির পাশের রাস্তায় হাঁটার সময় প্রতিবেশী মজিদ মন্ডল বিভিন্ন প্রলোভন দেখিয়ে কিশোরীকে তার বাড়িতে নিয়ে যান। সেখানে কেউ না থাকার সুযোগে তাকে দড়ি দিয়ে হাত-পা বেঁধে ও মুখে ওড়না পেঁচিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, ঘটনাটি কাউকে জানালে ক্ষতি করার ভয় দেখানোর একপর্যায়ে মজিদ চাকু দিয়ে কিশোরীর বাম হাতের তর্জনী আঙুলে আঘাত করে জখম করেন।
পরদিন শনিবার (২২ আগস্ট) কিশোরী অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে চান। পরে তাদের কাছে ঘটনার কথা জানায় সে। এরপর ভুক্তভোগীর মা ঈশ্বরদী থানায় লিখিত এজাহার দায়ের করেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, ভুক্তভোগীর মা থানায় এজাহার দেওয়ার পর অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply
You must be logged in to post a comment.