ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: কৃষকের উৎপাদন খরচ কমানো ও কৃষি উৎপাদন বাড়াতে পাবনার ঈশ্বরদীতে ৩ হাজার ২২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।

কৃষি অফিস সূত্র জানায়, এবারের কর্মসূচির আওতায় ঈশ্বরদীর মোট ১ হাজার ৬২ দশমিক ৬ একর জমিতে বিভিন্ন ফসলের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এর মধ্যে ৫০০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, ১ কেজি বালাইনাশক ও ২ কেজি পলিথিন দেওয়া হয়।

লেবু বাগান স্থাপনে ২০ জন কৃষককে জনপ্রতি পাঁচটি করে উচ্চফলনশীল লেবুর চারা ও ৩০ কেজি জৈব সার দেওয়া হয়েছে। এছাড়া বসতবাড়িতে সবজি চাষ ও পারিবারিক পুষ্টি নিশ্চিত করতে ২ হাজার ৭০০ জন কৃষককে বিভিন্ন শাকসবজির বীজের পাশাপাশি ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, কৃষিই দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। কৃষকের উৎপাদন খরচ কমাতে এবং খাদ্য ও পুষ্টিতে দেশকে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বিনামূল্যে উন্নত জাতের বীজ ও প্রয়োজনীয় সার পাওয়ায় কৃষকরা উৎপাদন বাড়ানোর পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মমিন বলেন, ঈশ্বরদীতে অফ-সিজনে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও লেবু চাষ করে কৃষকরা ইতোমধ্যে সাফল্য পেয়েছেন। এসব ফসলে ভালো বাজারদর পাওয়ায় অনেক কৃষক লাভবান হয়েছেন। এবার প্রণোদনার পরিধি বাড়িয়ে আরও বেশি কৃষককে এসব চাষে উৎসাহিত করা হচ্ছে।

অনুষ্ঠানে ঈশ্বরদী পৌর জামায়াতের আমির মাওলানা গোলাম আজম খান, উপজেলা আইন বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান, জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুমসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।