ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে জলমহালে অভিযান চালিয়ে নিষিদ্ধ ৬টি চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। পরে মোবাইল কোর্টের মাধ্যমে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার বাঁশেরবাদা এলাকার একটি জলমহালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জলমহালের বিভিন্ন স্থান থেকে মাছ ধরার কাজে ব্যবহৃত ৬টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।

উপজেলা মৎস্য দপ্তর জানায়, চায়না দুয়ারি জালের ফাঁস অত্যন্ত সূক্ষ্ম হওয়ায় মাছের পাশাপাশি বিভিন্ন প্রজাতির পোনা ও অন্যান্য জলজ প্রাণীও এতে আটকা পড়ে। এতে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। তাই মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

ঈশ্বরদী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিনের নেতৃত্বে জব্দ করা জালগুলো মোবাইল কোর্টের মাধ্যমে ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে লক্ষিকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন বলেন, ‘নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে উপজেলা মৎস্য দপ্তরের অভিযান নিয়মিত অব্যাহত রয়েছে। বিশেষ করে প্রজনন মৌসুমে মাছের পোনা ও দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।’

তিনি আরও বলেন, জলাশয় ও জলমহালে নিষিদ্ধ জাল ব্যবহার না করে বৈধ উপায়ে মাছ ধরতে স্থানীয় জেলেদের সচেতন করা হচ্ছে। নিষিদ্ধ জাল ব্যবহার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।