পাবনা প্রতিনিধি: পাবনায় মাদকবিরোধী পৃথক অভিযানে ৩৭ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। একই দিনে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও পাঁচ মাদকসেবীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ডিএনসি পাবনা সদর সার্কেলের একটি দল বেড়া উপজেলার সান্যাল পাড়া এলাকায় অভিযান চালায়। উপ-পরিদর্শক সোহানের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিজ বসতবাড়ি থেকে ৩৭ পিস ইয়াবাসহ মো. সেলিম সরদার (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সেলিম সরদার বেড়া উপজেলার সান্যাল পাড়া গ্রামের মৃত আয়নাল সরদারের ছেলে। এ ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক সোহান বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এদিকে পাবনা সদর উপজেলার লস্করপুর, বেড়া উপজেলার সান্যাল পাড়া এবং ঈশ্বরদী উপজেলার দিয়ারপাড়া ও জয়নগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও পাঁচ মাদকসেবীকে আটক করে ডিএনসি।

আটক ব্যক্তিরা হলেন, সান্যাল পাড়ার মো. শামীম সরদার (২৫), রামানন্দপুরের মো. বাতেন (৪৫), শালগাড়িয়ার মো. বাতেন শেখ (৩৫), মালিগাছার মো. হাসান (২৫) এবং ঈশ্বরদীর দিয়ার সাহাপুরের মো. জি.এস আহম্মেদ (২৪)।

পাবনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষা, বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান এবং ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডিএনসির পরিদর্শক তারেক মাহমুদ, পরিদর্শক মো. আব্দুর রহিম, উপ-পরিদর্শক মো. জামালুর রহমান ও উপ-পরিদর্শক সোহান ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। শুনানি শেষে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে পাবনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে ডিএনসির অভিযান অব্যাহত রয়েছে। আগস্ট মাসে এ পর্যন্ত মাদক-সংক্রান্ত অপরাধে মোট ৮০ জনকে আইনের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।