ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে নিজ বাড়ি থেকে ৪ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩৯ হাজার ৫০০ টাকা উদ্ধারসহ মোছা. নাছরিন খাতুন (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় আরও এক নারী পলাতক রয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) ঈশ্বরদী উপজেলার পিয়ারাখালী গ্রামে অভিযান চালিয়ে নাছরিন খাতুনকে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি পিয়ারাখালী গ্রামের মো. সোবাহান শেখের স্ত্রী।
ডিএনসি পাবনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলমের নেতৃত্বে ঈশ্বরদী সার্কেল টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে নাছরিন খাতুনের দখল থেকে ৪ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোছা. সালমা (৪৫) নামে আরও এক নারীকে আসামি করা হয়েছে। তিনি ঈশ্বরদী উপজেলার রহিমপুর গ্রামের মৃত হযরত আলীর স্ত্রী। অভিযানকালে সালমা পালিয়ে যান।
এ ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম বাদী হয়ে নাছরিন খাতুন ও পলাতক সালমার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় নিয়মিত মামলা করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.