ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে ৭৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানার সাহাপুর মন্ত্রীমোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর (তালতলা) এলাকার মৃত রহমত আলীর ছেলে মো. বাবুল আক্তার ওরফে জয় (৪৫) এবং লক্ষীকুন্ডা কৈকুন্ডা (ফকির মার্কেট) এলাকার মৃত জমিন উদ্দিন প্রাংয়ের ছেলে মো. রকিবুল ইসলাম (৪৩)।
পুলিশ জানায়, অভিযান চলাকালে গ্রেফতারকৃতদের হেফাজতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে মোট ৭৫০ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, তারা পরস্পরের যোগসাজশে বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় উদ্ধারকৃত গাঁজা জব্দ করে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় ঈশ্বরদী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও মাদক-সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply
You must be logged in to post a comment.