পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী থানার আলোচিত খালেক খাঁন হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামি মোঃ আলম প্রামানিক ওরফে টেম্পু আলম (৪০)-কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অভিযানে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, গুলি এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলা পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহর দিকনির্দেশনায় চলমান অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ডিবি পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেফতার হওয়া আলম প্রামানিকের তথ্যের ভিত্তিতে তার বসতবাড়ি ও আশপাশ এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি, একটি তলোয়ার, ২টি ধারালো চাপাতি এবং একটি মোবাইল ফোন।

পুলিশ জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে, আলোচিত মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পাবনা জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।