ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদী থেকে আবারও গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এক সপ্তাহের ব্যবধানে পদ্মার চরাঞ্চল থেকে দ্বিতীয় গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
নিহত সাহাবুল প্রামাণিক (৪২) ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুর গ্রামের ইউনূস প্রামাণিকের ছেলে।
মঙ্গলবার (১৫জুন) সকালে পদ্মা নদীর রাইটার চর এলাকায় মাছ ধরার একটি নৌকার ভেতরে রক্তাক্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাত পৌনে ২টা থেকে আড়াইটার মধ্যে ৫ থেকে ৬ জন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে করে চরাঞ্চলে এসে নদীর তীরবর্তী এলাকায় এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় শ্যালো ইঞ্জিনচালিত একটি মাছ ধরার নৌকায় সাহাবুল প্রামাণিক ও রবিউল ইসলাম অবস্থান করছিলেন।
গুলিবর্ষণের একপর্যায়ে সাহাবুলের ডান কাঁধে গুলি লাগে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন বলে ধারণা করা হচ্ছে। একই ঘটনায় আহত হন রবিউল ইসলাম। প্রাণ বাঁচাতে তিনি নদীতে ঝাঁপ দিয়ে সেখান থেকে সাঁতরে নিরাপদ স্থানে পৌঁছান।
ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। আহত ও প্রত্যক্ষদর্শী রবিউল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
নৌ পুলিশের রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার মো. বেলাল হোসেন বলেন, পদ্মা নদীতে বালুমহল নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সময় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটছে। এসব অপরাধ দমনে নৌ পুলিশের নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন আগে পদ্মার চরাঞ্চলে একটি স্পিডবোটের ভেতর থেকে আজিজুল হক ঝড়ু (৩৫) নামে আরেক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছিল। পরপর দুই হত্যাকাণ্ডের ঘটনায় পদ্মা তীরবর্তী এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Leave a Reply
You must be logged in to post a comment.