ঈশ্বরদী প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূর মাথার চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে তার স্বামী ও ননদের বিরুদ্ধে।
চাঞ্চল্যকর এই নির্যাতনের ঘটনার পর অভিযুক্ত স্বামী চাঁদ আলী খাঁ এবং ননদ সান্তনা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎শুক্রবার (২৯ মে) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চাঁদ আলী খাঁ পেশায় একজন ইট ভাটার শ্রমিক। তিনি উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের মৃত হাবিবুর রহমান হবি খাঁর ছেলে। এর আগে, গত রোববার (২৪ মে) সকাল ৮ টার দিকে ওই গৃহবধূকে নির্যাতনের ঘটনা ঘটে।
‎ভুক্তভোগী গৃহবধূ জানান, যৌতুক হিসেবে ইতি পূর্বে ১  লাখ ৫০ হাজার টাকার জন্য স্বামী চাঁদ আলী খাঁ ও ননদ সান্তনা খাতুন চাপ দিলে আমার বাবা সেই টাকা দেয়। আবারও আমার স্বামী চাঁদ আলী খাঁ ও নন্দন সান্তনা খাতুন টাকার জন্য চাপ দিলে এতে সাঁড়া না দেয়ায় স্বামী ও তার বোন প্রায়ই আমাকে মারধর করে। বিয়ের পর থেকেই প্রায়শই এমন নির্যাতন করা হতো বলে দাবি করেন তিনি।
‎ভুক্তভোগী তানিয়া খাতুন অভিযোগ করে বলেন, আমার স্বামীকে সময়মতো বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে না পারায় সে ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে। এক পর্যায়ে আমার ননদ সান্তনা খাতুনের সহযোগিতায় চুল কাটার মেশিন দিয়ে আমার মাথার চুল কেটে দেয়। ঘটনার পর পরিবারের সদস্যরা তানিয়া খাতুনকে উদ্ধার করে ঈশ্বরদী থানায় গিয়ে স্বামী চাঁদ আলী খাঁ এবং নন্দন সান্তনা খাতুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
‎এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার (ওসি) আশাদুর রহমান বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামি চাঁদ আলী খাঁ এবং সান্তনা খাতুনকে বাবুলচারা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।