পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে আবাসিক ভবনের ভেতরে গোপনে বিদেশি মদ তৈরির অভিযোগে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ১০০ লিটার প্রস্তুত মদ, মদ তৈরির সরঞ্জাম এবং প্রায় ২ হাজার লিটার জাওয়া (মদ তৈরির কাঁচামাল) জব্দ করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) ঈশ্বরদীর নতুনহাট এলাকায় ব্র্যাক অফিসের পাশে অবস্থিত উজ্জলের মালিকানাধীন তিনতলা ভবনে অভিযান চালিয়ে এসব মাদক ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাভেদ জাফর (৫৬) ও মো. উজ্জল (৪৫)। জাভেদ জাফর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চাকরি করেন বলে জানা গেছে। অপর গ্রেপ্তার ব্যক্তি মো. উজ্জল ওই ভবনের মালিক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী ‘খ’ সার্কেলের পরিদর্শক আব্দুর রহিমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গোপনে মদ উৎপাদনের তথ্য পেয়ে ভবনটিতে অভিযান চালানো হলে ভেতরে মদ তৈরির সরঞ্জাম, প্রস্তুত মদ ও বিপুল পরিমাণ জাওয়া পাওয়া যায়। পরে এসব আলামত জব্দ করে দুজনকে আটক করা হয়।

পরিদর্শক আব্দুর রহিম জানান, গোপনে মদ উৎপাদনের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তৈরি মদ, উৎপাদনের বিভিন্ন সরঞ্জাম ও প্রায় ২ হাজার লিটার জাওয়া উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।